মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবলে র্যাবের অভিযানে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা লাল মিয়া কে গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (২১ জুলাই) দুপুরে হবিগঞ্জে র্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সকালে বাহুবল উপজেলার চেরাগআলী ফিলিং স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা লাল মিয়া (৩৯)-কে গ্রেফতার করা হয়।
র্যাবের তথ্যমতে, গ্রেফতার লাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা, ৭টি চুরি ও দস্যুতার মামলা ছাড়াও একাধিক মারামারি ও মাদক মামলা রয়েছে।
এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার তিনি আসামি। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।
র্যাব-৯ আরও জানায়, হবিগঞ্জসহ সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ডাকাতি ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।