মো: তারেক. উপজেলা প্রতিনিধি।
শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান (১২ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করেন।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই আরিফ হোসাইন, এএসআই শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইসতিয়াক।
গত ২৮ জুলাই উপজেলার আয়নাতলির মাদককারবারি মিজানুর রহমানকে জনগণ আটক করে। এ সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের কথোপকথন ও অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য তার মোবাইল ফোনে পাওয়া যায়।
এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, পরে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে
পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তদন্ত করা হলে প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পাওয়া গেলে চাঁদপুর পুলিশ সুপার তাদের সাময়িক বরখাস্ত করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাই ৫ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তারা চূড়ান্তভাবে অভিযুক্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।