মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে ফকিরহাট সদরের রেজাউর রহমান পলাশের পুষ্প টেলিকম থেকে এসব মুঠোফোন উদ্ধার করা হয়। এসময়, মুঠোফোন চুরির সাথে জড়িত ৪জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, রেজাউর রহমান পলাশ (৩৪), মোঃ অহিদুল ইসলাম (২৬) চন্দন সাহা (৩০) ও মোঃ হুছাইন খান (২২)। আটককৃতদের বাড়ি খুলণা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি(আইএমইআই) নাম্বার থাকে। যে নাম্বার দিয়ে ওই মুঠোফোন শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নাম্বার পরিবর্তন করে ফেলে। মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এদের সাথে জড়িত আরও ৩ জন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকৃত মালিকদের কাছে মুঠোফোন ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তিনি।