পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।
'নজরুলবর্ষ 'উপলক্ষে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়ে), মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয়গুলো হল সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি (নজরুলের নির্বাচিত কবিতা), চিত্রাংকন, অভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা লিখন। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে কবির কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।