পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জ শহরে আয়োজিত এক কনসার্টে 'শেখ হাসিনা'র নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টের আয়োজন করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। অনুষ্ঠানে গায়ক নোবেল গান পরিবেশনের আগে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেয় উপস্থিত কিছু দর্শক।
এ ঘটনায় ওই রাতেই পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার দেখায় সদর থানা পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমান পিয়ালকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে।