বিশেষ প্রতিনিধি :এম এ আকবর
চবি ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষায় দাতব্য প্রতিষ্ঠান ‘অথেন্টিক ফাউন্ডেশন’ গৃহীত 'বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬'-এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় উপাচার্য দপ্তরে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এ কর্মসূচির উদ্বোধন করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিষ্ঠানটির পাঁচ বছর মেয়াদী মিশন 'গ্রীনসোল: ৫০০০ ট্রীস ফর আর্থ'-এর আওতায় "সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ" প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। উদ্বোধনকালে ফাউন্ডেশনের ১৬ সদস্যের প্রতিনিধি দল উপাচার্যের সাথে মতবিনিময় করেন এবং তাঁর হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, "বনায়নের জন্য অথেন্টিক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তার জন্য চবি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সদস্যদের বলিষ্ঠ নেতৃত্ব, লব্ধ জ্ঞান, একাগ্রতা ও এ ধরণের কার্যক্রম বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে।"
উল্লেখ্য, ফাউন্ডেশনটি চবির সব অনুষদের সাথে সমন্বয় করে পুরো ক্যাম্পাস জুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করবে। এর আওতায় প্রথম ধাপে ২৫০-৩০০টি ফলজ, বনজ ও ওষধিসহ বিভিন্ন গাছের চারা চবিকে প্রদান করছে অথেন্টিক ফাউন্ডেশন। উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।