মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চুনারুঘাট-সাতছড়ি সড়কের চাঁনপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং এলাকার শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া, নিহত হয়।
স্থানীয় সুত্রে যানা যায়, শুক্রবার বিকেলে মোহাদ্দিছ ও নয়ন একটি মোটরসাইকেলে করে পাইকপাড়া থেকে রামগঙ্গা পর্যটন এলাকার দিকে যাচ্ছিলেন।
চাঁনপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। সংঘর্ষের পর টমটমটিও উল্টে যায়।
এতে ওই যানটির দুই যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয় চা শ্রমিক ও পথচারীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠান।দুর্ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। সড়কের বাঁক বা সরু অংশে নিয়ন্ত্রণ হারানোর কারণে সংঘর্ষ হয়ে থাকতে পারে।