মো:তারেক বিশেষ প্রতিনিধি চাঁদপুর
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্য তালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে হিরা ডেন্টাল কেয়ার ও ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ না করায় ফাতেমা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া মূল্য তালিকা না রাখা ও মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে আল্লাহর দান স্টোরকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে কামরুল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।