মীর দুলাল।। হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজ থেকে গাড়ি বের হওয়ার সময় গাড়ির চাপায় নিহা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের আয়েত আলী ও আমিরচাঁন কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী মনির বেগমের মেয়ে।
আটককৃত ব্যক্তি জনতা ব্যাংক পিএলসি শাখার গাড়ি চালক, হবিগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের যশেরআব্দা গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে আব্দুল জলিল (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যারেজ থেকে দ্রুত গতিতে গাড়ি বের হওয়ার সময় কমপ্লেক্সের সামনে থাকা শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর পরই উত্তেজিত জনতা ঘাতক গাড়ির চালককে আটক করে আমিরচাঁন কমপ্লেক্সে জিম্মি করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত চালককে আটক করে এবং জনতা ব্যাংক পিএলসি শাখার গাড়িটি জব্দ করে হেফাজতে নেয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।