আশরাফ উদ্দীন || সিলেট জেলা বিশেষ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্সে সফল অস্ত্রোপচারের মাধ্যমে এক প্রসূতি পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
নবজাতকের মা ডলি আক্তার (২৮) উপজেলার টুকেরগাঁও গ্রামের বাসিন্দা আবুল বাশারের স্ত্রী।
সিজারিয়ান অস্ত্রোপচারে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন, সহকারী সার্জন ডা. একরামুল হক, ডা. সাব্বির মুনতাকা পরাগ ও ডা. ফাতেহা রেজওয়ানাসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
নবজাতকের বাবা আবুল বাশার বলেন, “এই হাসপাতালে আমার স্ত্রীর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম হয়েছে। চিকিৎসকদের সহযোগিতায় আমার স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ রয়েছে
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন জানান, ১৯৯৭ সালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে এত দিন জটিল প্রসবের জন্য অনেক রোগীকে সিলেট শহরে যেতে হতো। এবারই প্রথমবারের মতো এখানে সফলভাবে সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের সেবা স্থানীয়ভাবে নিশ্চিত করার মাধ্যমে রোগীদের ভোগান্তি কমবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির প্রচেষ্টায় জনবলসংকট ও যন্ত্রপাতির অভাব দূর করা সম্ভব হলে উপজেলাবাসী আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘ ২৯ বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অস্ত্রোপচার চালু হওয়াকে স্থানীয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।