মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নে চিকিৎসক পদায়ন এবং অসহায় ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করার দাবিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঐক্যবদ্ধ হরষপুর রেলওয়ে স্টেশন (HSRS) ও হিউম্যান ওয়েলফেয়ার ব্লাড সোসাইটি।
সোমবার (২৬ অক্টোবর) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ স্মারকলিপি প্রদান করা হয়। দুই সংগঠনের প্রতিনিধিরা ধর্মঘর ইউনিয়নের প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুটি দাবি তুলে ধরেন। দীর্ঘ প্রায় দুই বছর ধরে সচেতন নাগরিক ও মানবকল্যাণের লক্ষ্যে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসার বিষয়টিও তুলে ধরা হয়।
স্মারকলিপির দুটি দাবি হলো— ধর্মঘর ইউনিয়নে একজন চিকিৎসক পদায়ন এবং আর্থিকভাবে অসচ্ছল ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা গ্রহণ।
সম্প্রতি একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে ৩০০ জনের বেশি রোগীর মধ্যে ১০০ জনের বেশি ছানি রোগী শনাক্ত হওয়ার তথ্য তুলে ধরে প্রতিনিধিরা জানান, আর্থিক সংকটের কারণে অনেক অসহায় মানুষ প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন করাতে পারছেন না। এ ছাড়া চিকিৎসার অভাবে একাধিক মানুষের মৃত্যুর ঘটনাও তাঁরা কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন।
হিউম্যান ওয়েলফেয়ার ব্লাড সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহরিয়ার অনিক বলেন, “ধর্মঘর ইউনিয়ন একটি প্রান্তিক জনপদ। এখানে চিকিৎসার অভাবে মানুষকে কষ্ট পেতে হয়, অনেক পরিবার প্রিয়জনকে হারায়। মেডিক্যাল ক্যাম্পে রোগীদের অসহায়ত্ব দেখলে নিজেদেরও চোখের পানি ধরে রাখা কঠিন হয়। আমাদের এই দুটি দাবি মানুষের জীবন ও দৃষ্টিশক্তি রক্ষার দাবি। আশা করি, কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করবেন।”
ঐক্যবদ্ধ হরষপুর রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী মো. সাগর বলেন, “এগুলো কেবল দাবি নয়, মানুষের মৌলিক অধিকারের কথা। মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা অন্যতম। অর্থের অভাবে কেউ চিকিৎসা না পেয়ে মারা যাবেন, কিংবা চোখে দেখার সুযোগ হারাবেন—এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই, ধর্মঘর ইউনিয়নের প্রতিটি মানুষ প্রয়োজনের সময় চিকিৎসা পাওয়ার সুযোগ নিশ্চিত করুক। আমাদের এই উদ্যোগ কোনো ব্যক্তির জন্য নয়, পুরো এলাকার মানুষের জন্য।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরুল হাসান জাহাঙ্গীর সিলেটে বিভাগীয় সম্মেলনে থাকায় তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তাঁর অনুপস্থিতিতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবুল হাসানাত স্মারকলিপির তিনটি কপি গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদানকালে হিউম্যান ওয়েলফেয়ার ব্লাড সোসাইটির উপদেষ্টা আবুল বাশার, যুগ্ম সম্পাদক সাগর, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আশিক আজাদ, সদস্য প্রত্যয়সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধ হরষপুর রেলওয়ে স্টেশনের পক্ষ থেকে উপদেষ্টামণ্ডলীর সদস্য এবি ই সুজন (বাশার), প্রধান সমন্বয়কারী মো. সাগর, স্থায়ী কমিটির সেক্রেটারি মোজাদ্দেদ আল ফেসানী ও চার্টার মেম্বার শাকিল মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া আরাফাত সজিব, আমানউল্লাহ অনিকসহ সচেতন নাগরিক ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের মাধ্যমে ধর্মঘর ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং অসহায় ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।