মীর দুলাল।। হবিগঞ্জে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন গঠিত তদারকি কমিটি।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সমন্বয়ে গঠিত বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক তদারকিকরণ কমিটি শহরের কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করে।
এ সময় সূর্যমুখী জেনারেল হাসপাতাল-২ এ ১০ বেডের অনুমোদন নিয়ে ৩৬ বেডে রোগী ভর্তি, এমবিবিএস/বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লেখা, অপারেশনে চিকিৎসক ছাড়া নার্স বা ওটি বয় দিয়ে সহযোগিতা করানো, ওটিতে নোংরা পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, অটোক্ল্যাভ না করা ও ফার্মেসিতে অনিয়মের অভিযোগে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২ লক্ষ টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানটিকে ৫ দিনের মধ্যে ১০ শয্যা রেখে অতিরিক্ত শয্যা বন্ধ করে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কার্যালয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, অতিরিক্ত ফি আদায় ও লাইসেন্স নবায়ন না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা এবং ১ মাসের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।