পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি( গোপালগঞ্জ)
গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনায় এমপিকে বহনকারী প্রাইভেটকারটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীর প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম উপজেলার গোহালা ইউনিয়নে আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িবহর বরইতলা এলাকায় পৌঁছালে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা একের পর এক যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।