মীর দুলাল।। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—সাকিব মিয়া তালুকদার, কামাল শা, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া।
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে এসব ব্যক্তির বিরুদ্ধে হাসপাতালকে কেন্দ্র করে দালালির অভিযোগ রয়েছে। তারা চিকিৎসা নিতে আসা সহজ-সরল রোগী ও স্বজনদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা-পয়সা আদায় করতেন। এমনকি রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করানোর নামেও হয়রানি করার অভিযোগ রয়েছে।
পরে আটক পাঁচজনকে হবিগঞ্জের ভূমি সহকারী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মাহমুদের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
ক্যাপ্টেন মোশাররফ হোসেন আরও জানান, দালালদের কারণে সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল এলাকায় দালালদের তৎপরতা বন্ধ এবং রোগীদের নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।