পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি( গোপালগঞ্জ)
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত বিশেষ কল্যাণ সভা। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সমন্বিত এ সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কল্যাণমূলক বিষয় এবং পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান নানা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।