
অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ১২ বছরের বাক-প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের দায়ে ৫৮ বছর বয়সী প্রতিবেশী দাদা মমিন মল্লিক’কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঐ বাক-প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মমিন মল্লিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত মমিন মল্লিক উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি এলাকার মৃত শুকুর আলী মল্লিকের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ সকাল ১০টার দিকে অভিযুক্ত মমিন মল্লিক ফুসলিয়ে বাক-প্রতিবন্ধী শিশুকে তার নিজের ঘরে নিয়ে,শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণের পর ঐ শিশু বাড়ি ফিরে তার মাকে বিষয়টি ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলে, তার মা প্রথমে বিষয়টি পুরোপুরি বুঝতে পারে না। পরবর্তীতে মেয়ের মানুষিক অবস্থা দেখে তারা বিষয়টি বুঝতে পারে।
দুইদিন পর বৃহস্পতিবার (৫ মার্চ) তার বাবা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে। বর্তমানে ধর্ষণের স্বীকার প্রতিবন্ধি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর পিতা বলেন, আমার মেয়ে বাক-প্রতিবন্ধী হওয়ায় সে তেমন কিছু বুঝেনা। সেই সুযোগে প্রতিবেশী মমিন মল্লিক আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। আমি সঠিক বিচারের দাবি জানাই। আমি চাই ধর্ষক’কে কঠোর শাস্তি দেওয়া হোক।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত তদন্ত শুরু করেছি। প্রমাণাদি সংগ্রহের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। আমাদের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত শিশুর সুরক্ষা এবং দ্রুত বিচার নিশ্চিত করা।