
অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙ্গার সময় হোসেন শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়,শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার মাছপাড়া রেল স্টেশনের উত্তর পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ লোহার হাতুড়ি দিয়ে ভাঙ্গতে শুরু করে গ্রেফতারকৃত হোসেন শেখ।
এ সময় গম্বুজ ভাঙ্গতে দেখে স্থানীয় লোকজন ও মাজারের ভক্তবৃন্দ আসামিকে আটক করে। এর আগেও গ্রেফতারকৃত হোসেন শেখ, মাজারের ছাদের গম্বুজ এর কার্নিস ভেঙ্গে ফেলে। তখন স্থানীয় লোকজন ও মাজারের ভক্তবৃন্দ আসামিকে ধরার চেষ্টা করলে আসামি দৌড়ে পালিয়ে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মাছপাড়া স্টেশনের পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙ্গতে যাওয়ায় হোসেন শেখ কে স্থানীয় লোকজন আটক করে। পরে মাজারের খাদেম হাকিম সর্দার বাদী হয়ে এজাহার দায়ের করিলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।