
মীর দুলাল।। হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের শাহপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গভীর রাতে আকাশমণি গাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় নম্বরবিহীন ট্রাক্টরসহ ২ চোরকে আটক করেছে বন বিভাগ।
জানা যায়, সোমবার (৩ নভেম্বর) গভীর রাত ২টার দিকে রঘুনন্দন রেঞ্জের কর্মকর্তা মো. ফয়সাল আলম গোপন সংবাদের ভিত্তিতে শাহপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার খবর পান। তিনি তাৎক্ষণিকভাবে শাহপুর বন বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায়কে অবগত করলে তার নেতৃত্বে ফরেস্ট গার্ড (এফজি) শেখ শহীদুল ইসলামসহ ডেওয়াতলী ক্যাম্পের স্টাফরা অভিযান পরিচালনা করেন।
অভিযানে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে ২২ ঘনফুট আকাশমণি গোল কাঠ ও একটি নম্বরবিহীন ট্রাক্টর জব্দ করা হয়। এ সময় ২ গাছ চোরকে হাতেনাতে আটক করা হয়। আটকের সময় সংরক্ষিত বনাঞ্চল এলাকায় বসবাসকারী উপকারভোগীরা সার্বিক সহযোগিতা করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, চোরেরা রাতের আঁধারে গাছ কেটে লালচান্দ চা বাগানের ভেতরের রাস্তা দিয়ে ট্রাক্টরযোগে করাতকলে পাচারের চেষ্টা করছিল।
আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার মো. খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)।
রঘুনন্দন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফয়সাল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, “বনের সরকারি সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে বন বিভাগের নিয়মিত টহল ও স্থানীয় উপকারভোগীদের তাৎক্ষণিক তৎপরতার কারণে এই অভিযান সফল হয়েছে। জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”