
আরিফুল ইসলাম মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরশহরের মৎস্য ভবনের পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। ূ
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. আমিন হোসেন (২১), মো. আসলাম মিয়া (২০) ও দেওথান এলাকার আমির হোসেন (২৬)।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে মোহনগঞ্জ মৎস্য ভবনের পেছনে অভিযান চালায় অধিদপ্তরের একটি দল। এ সময় সেখানে মাদক সেবনরত অবস্থায় ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি করে আমিন ও আসলামের কাছ থেকে ২০০ গ্রাম করে মোট ৪০০ গ্রাম এবং আমিরের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের তাদের প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সেইসাথে তাদের জরিমানাও করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন,
আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যায় কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।