
মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না, তিনি পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. অলিউর রহমান অলি জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কিনে দেওয়ার কথা বলে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান জামাতা অলিউর রহমান অলি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন জাহানারা বেগম। পরে ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশের একটি বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সংবাদপত্রে প্রকাশিত খবর দেখে নিহতের ছেলে মো. মিজানুর রহমান মরদেহটি তাঁর মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মো. মিজানুর রহমান বাদী হয়ে চুনারুঘাট থানায় ভগ্নিপতি অলিউর রহমান অলির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।