
মাসুম বিল্লাহ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। বাগেরহাটের মাটি ও মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। তাই এলাকার মানুষের সেবা করা তার দায়িত্ব।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাগেরহাটের ধানসিঁড়ি কনফারেন্স রুমে ‘নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহের বাস্তবায়ন ও জবাবদিহিতা, ফলোআপ সভা’-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
এমপি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, নির্বাচনের আগে জনগণের সমস্যা, প্রত্যাশা ও দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এখন এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এলাকার মানুষের উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বাগেরহাটের জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙন, নিরাপদ পানির সংকট, কৃষির উৎপাদনশীলতা হ্রাস, বেকারত্ব ও সামাজিক বৈষম্যসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা মোকাবিলায় দুর্যোগ-সহনশীল অবকাঠামো, নারী-শিশু ও প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ সুপেয় পানি, খাস পুকুর পুনঃখনন এবং জলবায়ু-সহনশীল কৃষির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বৃদ্ধি, জলবায়ু উদ্বাস্তুদের অন্তর্ভুক্তি, প্লাস্টিক ও পানি-মাটি দূষণ নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা, বাল্যবিবাহ ও নারী পাচার প্রতিরোধ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অপূর্ব লাল সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, সমাজসেবা অফিসার (রেজি.) হুমায়ুন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. সামসুজ্জোহা, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন, সচিব জাহাঙ্গীর হোসেন আকন, ষাটগম্বুজ ইউনিয়নের সচিব শেখ আলতাফ হোসেন, রামপাল সদর ইউনিয়নের সচিব সুশীল চন্দ্র দাস, আলোকিত বাগেরহাটের সভাপতি এসএম আরাফাত হোসেন, সাংবাদিক সৈয়দ শওকত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যালোচনা, অসম্পূর্ণ উদ্যোগ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে নিয়মিত সংলাপের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।