
মারুফ আহমদ স্টাফ রিপোর্টার
গোয়াইনঘাট, সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার বন্ধ, তামাবিল স্থলবন্দরের বিভিন্ন অনিয়ম, ডিআই পিকআপ চলাচল, ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের লাইসেন্সসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।
এ সময় বক্তারা গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, চোরাচালান, মানবপাচারসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।