
মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সরকারিভাবে নিলামকৃত ভারতীয় জিরার একটি ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের সাবেক নেতাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার ও তার সহযোগী বিলাল মিয়ার কে আটক করে পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন- পশ্চিম জয়পুর গ্রামের হাজি খোর্শেদ মিয়ার ছেলে হেলাল মহালদার।
এবং বিলাল পার্শ্ববর্তী মামদনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার সকালে বাহুবল মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জিরার ট্রাকসহ তাদের আটক করে।
থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে সরকারি নিলাম থেকে কেনা ১৭১ বস্তা জিরা ট্রাকযোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নেওয়ার সময় বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় ট্রাকটি আটকানো হয়, পরে সেটি হেলাল মহালদারের বাবার মালিকানাধীন ‘নিরাপদ পেট্রোল পাম্প’-এর পেছনে নিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠে। সেখান থেকে জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার।
বিষয়টি জানার পর জিরার মালিকপক্ষ দ্রুত বাহুবল মডেল থানায় যোগাযোগ করে।
খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদারের নির্দেশে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভুগলী এলাকা থেকে জিরার ট্রাকটি উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।