
মীর দুলাল।। হবিগঞ্জের বানিয়াচংয়ে জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে জাহেদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘঠিকায় উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদুল মিয়া মন্দরী গ্রামের পশ্চিম হাটি মোল্লার লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দরী গ্রামের জাহেদুল মিয়া ও তার লোকজনের সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদ, সারোয়ারসহ তাদের লোকজনের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি ও গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে শুক্রবার সকালে গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহেদুলকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে।
একপর্যায়ে তারা জাহেদুল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, জাহেদুল ও মজিদ পক্ষের লোকজনের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জায়গা-সম্পত্তি ও গ্রাম্য আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।