
মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুরে ১০ বছরের এক শিশু ধর্ষণের দায়ে এক তরুণ ও এক কিশোরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন—নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাংগা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের শেখ কবির মিয়ার ছেলে শেখ জামাল ও এলাহী মিয়ার ছেলে রাজিব মিয়া।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে শিশু শোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপরজনকে কারাগারে পাঠানো হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সেলিম বলেন, ২০২৫ সালের ১৭ অগাস্ট বিকালে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল তৃতীয় শ্রেণির এক ছাত্রী।
শিশুটিকে মোবাইল ফোন দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে দুজন ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগে বলা হয়, বাড়ি ফেরার পথে শিশুটি রাস্তায় অচেতন হয়ে পড়লে এক প্রতিবেশী তাকে দেখে স্বজনদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জ্ঞান ফেরার পর শিশুটি তার স্বজনদের কাছে পুরো ঘটনা খুলে বলে।
এ ঘটনায় ১৯ অগাস্ট শিশুটির মা বাদী হয়ে দুইজনের নামে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১২ জন সাক্ষ্য দিয়েছেন।
আইনজীবী বলেন, আসামিদের কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।