
কক্সবাজার বিমানবন্দরে এক নারী যাত্রী ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার,,আনসার সদস্যরা। এ ঘটনায় ওই নারীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী নভোএয়ারের BQ922 ফ্লাইটের এক নারী যাত্রী কক্সবাজার বিমানবন্দরে প্রবেশ করেন। ফ্লাইটটির নির্ধারিত উড্ডয়ন সময় ছিল সকাল ৮টা ৫০ মিনিট।
আটক ব্যক্তির নাম জেসমিন আক্তার (৩৫)। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিমানবন্দরে দায়িত্ব পালনরত নারী আনসার সদস্য মোছা. সেতু আক্তারের তীক্ষ্ণ নজরে ওই যাত্রীর আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় তার বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। পরে স্ক্যানিং মেশিনের মাধ্যমে ব্যাগ পরীক্ষা করে ভেতরে বিপুল পরিমাণ ইয়াবার অস্তিত্ব শনাক্ত করা হয়।
তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর থেকে ৮ হাজার ৯২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদক পরিবহনের অভিযোগে ঘটনাস্থলেই ওই নারী যাত্রীকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।