
মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য রাস্তা নিয়ে বিরোধের জেরে দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বাহুবল উপজেলার আতিদ্যপুর এলাকার বাসিন্দা সেলু মিয়া ও হেলাল উদ্দিনের সঙ্গে গ্রাম্য চলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য ২০২৬ সালের ১৫ জুন সন্ধ্যায় বাহুবল থানায় সালিশ বৈঠকের সময় নির্ধারণ করা হলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
এরই জেরে ওইদিন দুপুরে ডুবাঐ বাজার সংলগ্ন এলাকায় সেলু মিয়ার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
তার চিৎকার শুনে হেলাল উদ্দিন এগিয়ে এলে তাকেও একইভাবে আঘাত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হেলাল উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সেলু মিয়ার স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৩ জুলাই রাত প্রায় ৯টা ১০ মিনিটে বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে বাহুবল মডেল থানার মামলা নং-১৩ (তারিখ: ২৩ জুন ২০২৬)-এর এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মুশাহিদ মিয়া (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বাহুবল উপজেলার তেলীকান্দি গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।