
আশরাফ উদ্দীন || সিলেট জেলা বিশেষ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের বন্ধু সাব্বির রহমান জানান, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে আসেন। শনিবার বেলা ১১টার দিকে তারা পর্যটনকেন্দ্রের নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর নদীর পাশে রিফাতকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাতিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর রিফাতকে মৃত পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, সাদাপাথরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।