
মীর দুলাল।। হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেল বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ও ভুলবশত হারিয়ে যাওয়া ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উদ্ধার করা টাকা ও মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।
পুলিশ সুপার জানান, সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সাইবার প্রতারণা প্রতিরোধে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি টিম জেলার বিভিন্ন থানার ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণাপূর্বক খোয়া যাওয়া নগদ অর্থ ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালায়।
অভিযানে সর্বমোট ৮ লাখ ৬১ হাজার টাকা এবং ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।