
মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকার চাকলাপুঞ্জি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুলাল দেব( ৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-এলাকায় এ ঘটনা টি ঘটে।
নিহত দুলাল দেব (৫০) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে।
তিনি মনতলা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে দুলাল মনতলা থেকে সিএনজিযোগে চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতে যাচ্ছিলেন।
পথে চাকলা এলাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসাবধানতার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্ত করা হবে।