
মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকার একটি স-মিল থেকে অবৈধভাবে মজুদ করা সেগুন কাঠ উদ্ধার করেছে বন বিভাগ।
আজ বুধবার দুপুরে হবিগঞ্জের সহকারী বন সংরক্ষকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
কালেঙ্গা বন বিটের বিট অফিসার আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বন বিভাগের একটি চৌকস দল দেওরগাছ এলাকার ওই স-মিলে অভিযান চালায়। এসময় স-মিল থেকে ৬ টুকরো গোল সেগুন কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৮ দশমিক ১৩ ঘনফুট।
বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কাঠ জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।