
এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাম্প্রতিক অপহরণ ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এলাকায় আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজ শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সালুটিকর-গোয়াইনঘাট সড়কের নয়াপাড়া প্রাথমিক স্কুলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় অপহরণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং সামাজিক অস্থিরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন।
প্রতিবাদকারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তারা।
স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি, সন্দেহভাজনদের ওপর নজরদারি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যথায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
অপহরণের শিকার শাকিল আহমেদ (ছদ্মনাম) অভিযোগ করেন, গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটে তাকে স্থানীয় একটি স্থান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল কিশোর। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তিনি জানান, আশপাশের লোকজন এগিয়ে আসায় তিনি প্রাণে রক্ষা পান।
পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের পরামর্শক্রমে শাকিল আহমেদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ মনিরুজ্জামান বলেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে গোয়াইনঘাটে শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করবে।