
মোঃ আসাদুল ইসলাম
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের জন্য যুগোপযোগী নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং সেচ সুবিধা নিশ্চিত করতে খাল খননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এডিপির অর্থায়নে বিভিন্ন উপকারভোগীর মাঝে স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল, সিলিং ফ্যান, হুইলচেয়ার এবং ১ হাজার ২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, “কৃষক দীর্ঘদিন ধরে বঞ্চিত। তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই ঘোষণা দিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষক কৃষি উপকরণ, সহজ শর্তে ঋণ এবং সরকারি সব ধরনের কৃষি সুবিধা পাবেন। শুধু কৃষি উপকরণ দিলেই হবে না, উৎপাদনের জন্য পানিরও প্রয়োজন। তাই সেচব্যবস্থা উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি নতুনভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা।
এদিকে বিকেলে নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্রঋণের চেক এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ দুলু।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়। এছাড়া ৩৩ জন উপকারভোগীর মাঝে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক প্রদান করা হয়। প্রধান অতিথির স্বেচ্ছাধীন তহবিল থেকেও কয়েকজনকে অনুদানের চেক দেওয়া হয়।
একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মাঝে ২৮ বান্ডিল ঢেউটিন এবং মোট ৮৪ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা রাকিবুল হাসান সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী,উপজেলা প্রকৌশলী মোঃ হারুনার রশিদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (দুর্যোগ ব্যবস্থাপনা) রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ মোঃ জহিরুল ইসলাম,
জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য ও নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম. এ. হাফিজ, উপজেলা যুবদলের সভাপতি মো. মামুনুর রশিদ খান মামুন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক পাভেল তালুকদার সহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।