
মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে কৃষি জমি থেকে অনুমতি ব্যতীত মাটি কর্তনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টায় গাদীশাল এলাকায় কৃষি জমি থেকে অনুমতি ব্যতীত মাটি কর্তন করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আব্দুল জাহির, পিতা- আব্দুল গফুর, সাং- গাদীশাল, অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি উত্তোলন করেছেন মর্মে প্রমাণিত হয়।
পরে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাটি উত্তোলন করার অপরাধে ওই ব্যক্তিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়া অনুমতি ব্যতীত মাটি উত্তোলনের বিষয়ে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়ে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
চুনারুঘাট উপজেলার সকল স্থানে কৃষি জমি থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।