
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে ২৭ শিশু জেলার বিভিন্ন
হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলায় ৯১ জন শিশু হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের মধ্যে তুবা ইসলাম তোহা নামে ১০ মাসের এক কন্যা শিশু সম্প্রতি মারা গেছে। আর ৩ জনের হাম পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তবে, জেলার বিভিন্ন বাড়িতে হাম আক্রান্ত বা উপসর্গের শিশু রয়েছে বলে জানাগেছে। তারা বাড়িতে হামের চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ৪জন ও মুকসুদপুরে ৬জন আক্রান্ত হয়েছে।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ জীবিতেশ বিশ্বাস জানান, আক্রান্তদের মধ্যে ১৯ জন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। বাকী ৭১ জন চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছে। আক্রান্তদের স্বাস্থ্য কেন্দ্রে আসার জন্য আহবান জানানো হচ্ছে। আমাদের এখানে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড রয়েছে। প্রয়োজনে আরো সিট বাড়ানো হবে।