
মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে পাহাড়ের টিলার মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসআরবি-৯, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিধি অনুযায়ী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
অবৈধভাবে পাহাড় বা টিলার মাটি কাটা, পাহাড়ের স্বাভাবিক ভূমিরূপ পরিবর্তন, মাটি অপসারণ এবং এর মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধন আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ধরনের কর্মকাণ্ডের ফলে ভূমিধস, জীববৈচিত্র্যের ক্ষতি, পরিবেশগত ভারসাম্য বিনষ্ট, পার্শ্ববর্তী জলাধার ভরাটসহ বসতি স্থাপন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি হয়।
উক্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
এ অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৯ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার নবীগঞ্জ থানাধীন ১৩ নম্বর গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধভাবে পাহাড়ের টিলার মাটি কাটার দায়ে মো. শাহ জহুরুল উদ্দিনকে (পিতা- মৃত শাহ সোনা মিয়া, সাং- গোপালা, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ) পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(৫) ধারায় ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।