
মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবলে নাবালিকা মেয়ে অপহরণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। একই অভিযানে অপহরণের শিকার ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
এসআরবি জানায়, ভিকটিম (১৫) বাহুবল থানাধীন শাহপুর গ্রামের বাসিন্দা। বিবাদী আব্দুল হামিদ ভিকটিমের বোনের দেবর হওয়ার সুবাদে প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। এ সুযোগে বিবাদী বিভিন্ন সময় ভিকটিমকে একা পেয়ে অশ্লীল আচরণ ও কুপ্রস্তাব দিত। বিষয়টি ভিকটিমের পরিবার বিবাদীর পরিবারকে জানালেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং বিবাদী আব্দুল হামিদ ও তার মা ভিকটিমকে বিবাহের প্রস্তাব দেয়। ভিকটিমের পরিবার এতে অসম্মতি জানালে বিবাদী ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে জোরপূর্বক অপহরণের হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় বিবাদী তার বোনের স্বামী আলাল খানকে সঙ্গে নিয়ে প্রায়ই ভিকটিমদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে উত্যক্ত করতে থাকে। গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টায় ভিকটিমের বাড়ি ফাঁকা থাকায় বিবাদী তার বোনের স্বামীর সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক টানাহেঁচড়া করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বাহুবল থানায় অপহরণ মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গত ১০ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টায় মাধবপুর থানাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে বাহুবল থানার অপহরণ মামলা নং-০৪, তারিখ- ০৪/১০/২০২৫ এর মূল আসামি আব্দুল হামিদকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামি -বাহুবল উপজেলার দত্তপাড়া গ্রামের- মৃত ফজলুল হক ওরফে ময়না মিয়া,ছেলে
আব্দুল হামিদ (৩০)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।