
মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি ও আওয়ামী লীগ নেতা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট২৬)ইং রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল আলম ওরফে রাসেল মিয়া (৩০)।
তিনি উপজেলার বড়াইল (চুনারুঘাট উত্তর বাজার) এলাকার হাজী আব্দুর রশিদ ওরফে রশিদ মিয়ার ছেলে।
অপরজন মুক্তাদির কৃষান চৌধুরী (৫৭)। তিনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বড়াইল (চুনারুঘাট নতুন বাজার) এলাকার মৃত ডা. এম এ মুতাকাব্বির চৌধুরীর ছেলে।
চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত ব্যক্তিদের নেতৃত্বে ১৫ আগস্ট রাতে নিষিদ্ধ কার্যক্রম সংঘটিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতার দুজনকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।