
স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট।
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত চোরাচালান, মানব পাচার, পর্যটনকেন্দ্রের নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিলাল উদ্দিন সীমান্ত এলাকায় চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও কঠোর করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, পর্যটকের ছদ্মবেশে কিছু ব্যক্তি জাফলং ও বিছনাকান্দি এলাকায় এসে হোটেল-মোটেলে অবস্থানের সুযোগ নিয়ে সীমান্তপথে ভারতে মানব পাচারের সঙ্গে জড়িত হচ্ছে। এ বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী জাফলং-তামাবিল স্থলবন্দর সড়কে পাথর রেখে যানজট সৃষ্টির বিষয়টি তুলে ধরেন। এতে পর্যটক ও স্থানীয় যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি গোয়াইনঘাটে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও অনভিজ্ঞ চালকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সভায় আলোচনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। আগামী মাসের মধ্যে উত্থাপিত সমস্যাগুলো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় গোয়াইনঘাট পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে টুরিস্ট পুলিশের সদস্যসংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।