
মীর দুলাল।। হবিগঞ্জের বানিয়াচংয়ে এক নারী ইউপি সদস্যের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবক ও এক যুবতীকে আটক করা হয়েছে।
বানিয়াচং উপজেলা সদরের রায়েরপাড়া এলাকায় ইউপি সদস্য দোলেনা বেগমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই হাদিউল মিয়াসহ একদল পুলিশ অংশ নেয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দোলেনা বেগমের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষের যাতায়াত ছিল।
সেখানে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হতো বলেও অভিযোগ উঠে ।
বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের।
তাদের আরও অভিযোগ, বাড়িটিতে অপ্রাপ্তবয়স্ক কিশোর থেকে শুরু করে যুবক, বিবাহিত পুরুষ ও বয়স্ক ব্যক্তিদেরও যাতায়াত ছিল।
স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, এর আগে কয়েকবার ওই বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আটকের ঘটনাও ঘটেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শনিবার দুপুরে পুলিশ অভিযান চালানোর খবর ছড়িয়ে পড়লে বাড়িটির চারপাশে বিপুলসংখ্যক নারী-পুরুষ জড়ো হন।
পুলিশ কিছু সময় বাড়ির ভেতরে অবস্থান করার পর এক যুবক ও এক যুবতীকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযানে অংশ নেওয়া এসআই হাদিউল মিয়া দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ গ্রহণ করে আদালতে পাঠানো হবে।