
মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মহিমাউড়া নামক স্থানে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড প্রদান করে।
অভিযান সূত্রে জানা যায়, রাতে মহিমাউড়া এলাকায় সিলিকা বালু ভর্তি একটি ট্রাক্টরসহ মো. সুজন (পিতা: উমরাজ) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পানছড়ি এলাকা থেকে কোনো সরকারি অনুমতি ও ইজারা ছাড়াই তিনি এই সিলিকা বালু উত্তোলন করে পরিবহন করছিলেন।
পরে তিনি নিজের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জরিমানা আদায়ের পর তাকে কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানে চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়রা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।