
মীর দুলাল।। হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উমেদনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, উমেদনগর এলাকার আফিল উদ্দিন ও খানবাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন নারী পুরুষ আহত হন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।