
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পর্তুগাল প্রবাসী সেলিম মিয়াকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মীর অভিযোগ, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় না থাকলেও জাতীয় নির্বাচনের পর হঠাৎ করেই বিভিন্ন সরকারি ও প্রশাসনিক দপ্তরে তার তৎপরতা বেড়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সেলিম মিয়া উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি,আন্দোলন-সংগ্রামে তাকে কখনও মাঠে সক্রিয়ভাবে দেখা যায়নি। এমনকি উপজেলা বিএনপি কিংবা এর সহযোগী সংগঠনের কোনো পদেও নেই। তবে বর্তমানে নিজেকে পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপজেলা সমন্বয় কমিটির সভায় উপজেলা ক্রীড়া সংস্থার একটি গুরুত্বপূর্ণ পদে সেলিমের দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন চেয়ারম্যান সমিতির এক নেতা । তারা ওই পদে তাকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া যাচাইয়ের দাবি জানানো হয়েছে। এদিকে সেলিমের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা। গজানইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুত্র আওয়ামী লীগ নেতা ফয়েজ আমিন রাসেলের সঙ্গে তার আত্মীয়তার বিষয়টি নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে সংঘটিত সহিংসতার একটি ঘটনায় অভিযুক্ত ও বর্তমানে পলাতক ফয়েজ আমিন রাসেল সম্প্রতি এলাকায় এলে সেলিমের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এক নেতার ব্যবহৃত একটি দামি গাড়ি নিয়েও সেলিমকে ঘিরে নানা আলোচনা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযোগ রয়েছে, ওই গাড়ি নিয়ে তিনি বিভিন্ন এলাকায় চলাচল করেন এবং স্থানীয় সংসদ সদস্য পরিবারের সদস্যদের গাড়িতে নিয়ে বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা যায়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রশ্ন, দলের কোনো সাংগঠনিক পদে না থেকেও কীভাবে সেলিম দলীয় ও প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করছেন। তারা সেলিমের রাজনৈতিক পরিচয়, বিভিন্ন পদে সম্পৃক্ততা এবং প্রশাসনিক পর্যায়ে তার তৎপরতার বিষয়গুলো তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।