
আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার ব্যস্ততম বাগমারা বাজারে যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
অভিযানকালে মহাসড়কের ওপর ও ফুটপাত দখল করে রাখা অবৈধ অননুমোদিত দোকানপাট, ভাসমান শেড এবং যত্রতত্র গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং ও চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী সিএনজি অটোরিকশা ও লেগুনাচালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান পরিচালনা শেষে লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস বলেন, “বাগমারা বাজার একটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করায় প্রতিনিয়ত এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ পথচারী ও দূরপাল্লার যানবাহনের চলাচলে চরম ভোগান্তি বাড়ায়। জনস্বার্থে ও মহাসড়কে নিরবচ্ছিন্ন যানবাহন চলাচল নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে কেউ আবার সড়ক দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন চালকদের নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং এবং নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক ও দিকনির্দেশনা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এমন তদারকি বজায় রাখার দাবি জানিয়েছেন।