
স্টাফ রিপোর্টার।।হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের চাচা আনোয়ারের বাসায় পেট্রোলবোমা ছোড়ার যে অভিযোগ উঠেছিল, তা সত্য নয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, ঘটনাটি পেট্রোলবোমা হামলা নয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক লাইভে এসে পেট্রোলবোমা ছোড়ার অভিযোগ করেন মাহদী হাসান। লাইভে তিনি দাবি করেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাদের ঘরের টিনের চালে পরপর দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এর কিছুক্ষণ পর চাচা আনোয়ারের বাসায় আগুন জ্বলতে দেখেন তারা।
মাহদী হাসান লাইভে বলেন, “আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।”
তবে মাহদীর এই অভিযোগের সাথে একমত নন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
রাত ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, ফেসবুক লাইভ দেখার পর ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।
ওসি বলেন, “এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।”
ঘটনার ব্যাখ্যা দিয়ে ওসি জানান, মাহদী হাসানের বাড়ি থেকে আনুমানিক ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সেখানকার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে তার চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে গেছে।
ওসির দাবি, চাচার বাড়িতে আগুন লাগার ঘটনা দেখে মাহদী হাসান নিজের বাড়ির জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ তোলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে পেট্রোলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।