
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬ ) বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মনোতোষ ঘটক খাগবাড়ী গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে।
জানাগেছে,খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সাথে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের আজ বিকেলে মনোতোষ ঘটক ও গৌরাঙ্গ ঘটকের কথা কাটাকাটি হয়।এই কথা কাটাকাটির এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষ ঘটককে মারধর করে।
এতে মনোতোষ ঘটক গুরুতর আহত হয়।গুরুতর আহত মনোতোষকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
প্রতিবেশী তন্ময় ঘটক বলেন, বিকেলে মনোতোষ ঘটকের সাথে জমিজমা নিয়ে গৌরাঙ্গ ঘটক ও স্ত্রী পুতুল ঘটকের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ের তাদের মাঝে হাতাহতি হলে মনোতোষ ঘটক মাটিতে পড়ে যায়।তাকে নিয়ে হাসপাতালে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জরুরী চিকিৎসক ডা.তমাল অধিকারী বলেন, মনোতোষ ঘটককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ বিষয়ে জানার জন্য গৌরাঙ্গ ঘটকের বাড়ীতে গিয়ে তাকে বা তার পরিবারে কাউকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার এস আই উত্তম সেন বলেন,মনোতোষ ঘটকের পরিবারের লোকজন মৌখিক ভাবে হত্যার অভিযোগ করেছে।তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি।লিখিত অভিযোগ দিলে তদন্তপুর্বক মামলা গ্রহণ করা হবে।
তবে লাশ ময়নাতদন্ত করা হবে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।