
আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
দেশের কৃষি খাতে আমূল পরিবর্তন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৫-২০২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা।
লালমাই উপজেলা কৃষি অফিসার লায়লা আঞ্জুমান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার জেলা প্রশিক্ষণ অফিসার মো. রেজাউল করিম ভূঁইয়া। তিনি বলেন, “বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলে কৃষিকে বাণিজ্যিকীকরণ ও আধুনিকায়ন করতে হবে। পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা তৃণমূলের কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) শেখ আজিজুর রহমান এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমবায় অফিসার মো. জামাল হোসেন। বক্তারা নিরাপদ ফসল উৎপাদন ও বিপণন ব্যবস্থায় সমবায়ের ভূমিকার ওপর জোর দেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহিন হোসেনের সঞ্চালনায় কর্মশালায় উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, শতাধিক কৃষক-কৃষাণী এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা নতুন নতুন কৃষি প্রযুক্তি ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। আয়োজকরা আশা করছেন, এই প্রশিক্ষণের ফলে লালমাইয়ের কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।