
মীর দুলাল।। সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাত ১২টা ১০ মিনিটে কোতোয়ালি মডেল থানার অদূরে সুরমা নদীর তীরে এ ঘটনা ঘটে।
নিহত ইমন আচার্য্য র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্রগ্রামে।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কোতোয়ালি থানায় যাওয়ার পথে থানার অদূরে সুরমা নদীর তীরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই র্যাব সদস্যের বুকের বামপাশে ছুরিকাঘাত করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে র্যাব সদস্য ইমন খুন হয়েছেন। এই ঘটনায় বাপ্পী নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।