
এ কে আজাদ স্টাফ রিপোর্টার।
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার অপর ব্যক্তি ১৬ বছর বয়সী এক কিশোর।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফয়সল আহমদ (৩৪) ও রেজাউল করিম রাব্বি ওরফে রেজুয়ান (১৬)। ফয়সল আহমদ গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি খাগড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। অপরদিকে রেজাউল করিম রাব্বি ওরফে রেজুয়ান ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের জয়নগর গ্রামের কয়েছ আহমদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলা রয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ১১ নভেম্বর ২০২৬ তারিখে ১১/৩৫০ নম্বর মামলা দায়ের করা হয়।
গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।