
মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, নিয়মবিধি অনুসরণ না করে কর্মচারী নিয়োগ এবং চিকিৎসাসহ অপারেশন ও কেবিনের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরের সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাসপাতালের এক্স-রে ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করে বেশ কিছু অনিয়মের তথ্য পায় দুদক।
অনুসন্ধানে দেখা যায়, এসব বিভাগে কর্মরত প্যাথলজিক টেকনিশিয়ানদের কেউই সংশ্লিষ্ট কাজের সনদ বা অভিজ্ঞতা নেই। তাঁদের কোনো প্রাতিষ্ঠানিক কিংবা আউটসোর্সিং নিয়োগপত্রও পাওয়া যায়নি। কাজের ভিত্তিতে নিয়ে যাওয়া হিসেবে বেতন দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগকারীদের জানা যায়।
দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে, হাসপাতালের এক্স-রে বিভাগে প্রতিদিন গড়ে ৩৬ জন রোগীর কাছ থেকে পরীক্ষার ফি আদায় করা হলেও জমা রেজিস্টারে দৈনিক মাত্র একজন রোগীর ফি জমার তথ্য লিপিবদ্ধ রয়েছে। একইভাবে প্যাথলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা বাবদ আদায় করা ফির তুলনায় জমা রেজিস্টারে উল্লেখযোগ্য পরিমাণ কম অর্থ জমার তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রেও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে অভিযান পরিচালনাকারী দল।
অভিযানকালে ফি আদায়ের রশিদের মুড়ি অংশ, রেজিস্টারসহ অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র জব্দ করা হয়। এসব নথিপত্র যাচাইয়ের পর্যালোচনা করে সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক।
এদিকে দুদকের আকস্মিক অভিযানের বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, “এ অভিযান দুদকের রুটিন ওয়ার্ক। যদি কোনো ত্রুটি থাকে, তাহলে দুদক চিঠির মাধ্যমে আমাদেরকে জানাবে।”